বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে অভিহিত করা হচ্ছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ৩১-এর পার্শ্ববর্তী আয়োজনে বাংলাদেশ প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও তার ওপর জনগণের আস্থা বা গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।
কপ৩১ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দিনব্যাপী বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে সক্রিয়ভাবে অংশ নেন।
এ সফরে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। বিশেষ করে উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়া, পাকিস্তান ও কুয়েতের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বিশ্বনেতারা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন বৈশ্বিক বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। এসব আলোচনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও দ্রুত বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়া ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর বিষয়ে দেশটি সহযোগিতা প্রত্যাশা করেছে।
ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে এসেছে। ওআইসি মহাসচিবের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীর্ঘ সময় লন্ডনে অবস্থানের প্রেক্ষাপটটি গুরুত্ব পায়। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা এবং অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় সরাসরি আকাশপথের যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার মতো বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে। ওই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালে তিনি আগামী বছরের সুবিধাজনক সময়ে সফরের প্রতিশ্রুতি দিয়েছেন। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে জ্বালানি খাত, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চীনের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের মতো সম্ভাবনাময় প্রকল্পগুলোতে চীনের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার বিষয়টিও চীনের সঙ্গে আলোচিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। দুই নেতা রাজনৈতিক সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের বিশাল অভিজ্ঞতা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘ অবদানের কথা তুলে ধরা হয়েছে। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে মুসলিম বিশ্বের শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

