শিল্পের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুর সিটি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই জনবহুল নগরী প্রতিনিয়ত সম্প্রসারিত হলেও নাগরিক সুযোগ-সুবিধা ও পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে রয়ে গেছে নানা ঘাটতি।
যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত আবাসন, পরিবেশদূষণ আর সড়ক সংকটে নগরজীবন যখন ক্রমেই কঠিন হয়ে উঠছে, ঠিক তখনই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নেতৃত্বে এসেছে পরিবর্তন। নতুন চেয়ারম্যান হিসেবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল।
গ্রেড-২ পদমর্যাদায় তার এই নিয়োগকে ঘিরে গাজীপুরের উন্নয়ন নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। নগরবাসীর প্রশ্ন—নতুন নেতৃত্বে কি এবার বাস্তব রূপ পাবে পরিকল্পিত ও আধুনিক গাজীপুরের স্বপ্ন?
বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১১ নভেম্বর থেকে পরবর্তী এক বছর তার নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা।
গাজীপুরে প্রতিদিন বাড়ছে জনসংখ্যা, শিল্পকারখানা ও আবাসিক স্থাপনা। কিন্তু নগরায়ণের এই বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠেনি প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো। নগরীর বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, তীব্র যানজট, অপরিকল্পিত সড়ক ও আবাসন নির্মাণ, খাল-জলাশয় ভরাট এবং পরিবেশদূষণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের খেলার মাঠ ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত স্থানের সংকটও বাড়ছে।
এমন পরিস্থিতিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নতুন অবকাঠামো নির্মাণ নয়, বরং ভবিষ্যৎ জনসংখ্যা ও শিল্পায়নের চাপ বিবেচনায় নিয়ে একটি সমন্বিত নগর পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন জরুরি। আবাসিক, বাণিজ্যিক ও শিল্পাঞ্চলের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা, আধুনিক সড়ক যোগাযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নগরায়ণকে অগ্রাধিকার দিতে হবে।
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
বিশেষ করে গাজীপুর সিটি করপোরেশন ও আশপাশের বিস্তৃত এলাকায় পরিকল্পনাহীন স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। গাজীপুরের উন্নয়নকে টেকসই করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দৃশ্যমান প্রকল্প বাস্তবায়নও জরুরি।
গাজীপুরের মানুষ দীর্ঘদিন ধরেই একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরীর প্রত্যাশা করছেন। শিল্পকারখানার সম্প্রসারণের পাশাপাশি নাগরিক জীবনমানের উন্নয়ন, পরিকল্পিত আবাসন, যানজট নিরসন এবং পরিবেশ সুরক্ষার দাবি এখন সময়ের বাস্তবতা।
নতুন চেয়ারম্যানের সামনে তাই চ্যালেঞ্জ অনেক। দায়িত্ব গ্রহণের পর তার পরিকল্পনা, অগ্রাধিকার এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সক্ষমতার ওপরই নির্ভর করবে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আগামী দিনের অগ্রযাত্রা।
নগরবাসীর প্রত্যাশা, নেতৃত্বের এই পরিবর্তন যেন কেবল পদবদলে সীমাবদ্ধ না থাকে। বরং নতুন উদ্যোগ, কার্যকর পরিকল্পনা ও দৃশ্যমান উন্নয়নের মধ্য দিয়ে বদলে যাক গাজীপুরের নগরচিত্র। শিল্পের সমৃদ্ধির পাশাপাশি নাগরিকদের জন্য গড়ে উঠুক একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য গাজীপুর।

