গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখানে এক নারী ভাড়াটিয়াকে জমি ও বাড়ি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া, প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামী-সন্তানসহ তাকে প্রাণনাশের হুমকি এবং তিন দিনের মধ্যে বাসা ছেড়ে দেওয়ার চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে বাড়ির মালিক হাজী মোতালেবের বিরুদ্ধে।
একই ঘটনায় তার বাড়ির ম্যানেজার সাইফুল ইসলামের বিরুদ্ধেও ওই নারী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পূবাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হবে।
অভিযোগকারী রাবিয়া আক্তার মনি বিশ্বাস (৩৪) প্রায় চার বছর ধরে হাজী মোতালেবের বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী মো. সোহাগ রানা মাজুখানের এম ফ্যাশন গার্মেন্টস কারখানায় চাকরি করেন। রাবিয়া বাসায় কাপড় বিক্রি করেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগে রাবিয়া উল্লেখ করেন, গত চার-পাঁচ মাস ধরে বাড়ির মালিক মোতালেব তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।
নিজের জায়গাজমি ও বাড়িঘর তার নামে লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার প্রস্তাবও দিতেন। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাবিয়ার ছেলে তামিম (১৫) বাসায় ফেরে। ছেলের দেরিতে বাসায় ফেরাকে কেন্দ্র করে ওই রাত পৌনে ১২টার দিকে বাড়ির ম্যানেজার সাইফুল ইসলাম রাবিয়া, তার স্বামী ও ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন।
এর পরদিন ১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে হাজী মোতালেব ভাড়াটিয়া বাসায় গিয়ে রাবিয়াকে গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে ঘুরতে না যাওয়ার কারণে রাবিয়া, তার স্বামী ও ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তিন দিনের মধ্যে বাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাসা না ছাড়লে তাদের মালামাল বাইরে ফেলে দেওয়া এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রাবেয়া বলেন -২৫ হাজার টাকা অগ্রীম জমা আছে মালিকের কাছে। আমি অন্যত্র বাসা ভাড়া নিয়েছি।আমার হিসাব নিকাশ করে বাকি টাকা ফেরত দিলেই আমি চলে যাব।
অভিযোগে আরও জানান, ঘটনার পর পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই সময় কিছু সাংবাদিক তার ভিডিও ইন্টারভিউ করেন। পরে ফেইসবুকে আপলোড করেন তারা।
হাজী মোতালেবের অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাজী মোতালেব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, “আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। বাড়ি ছাড়তে বলায় ওই নারী আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে তার বাসাভাড়া বাকি নেই।”
তদন্তের আশ্বাস পুলিশের----
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “তদন্ত করে বিষয়টি পরিষ্কার হবে।”এস আই আনোয়ার হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
এদিকে, এলাকাবাসী বলছেন--অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

