ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি বিদ্যালয়ে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলগুলোর শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং দ্রুত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই ধরনের হুমকি স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলেও পাঠানো হয়েছে। সম্প্রতি ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক ও সম্প্রচারমাধ্যমে চালানো একের পর এক সাইবার হামলার ধারায় এটি নতুন একটি ঘটনা।
রয়টার্সের যাচাই করা হুমকি বার্তার একটি কপিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। ই-মেইলটিতে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামের এক কাল্পনিক নেতার স্বাক্ষর ছিল। তবে প্রধানমন্ত্রী মেলোনি জানিয়েছেন, পরিস্থিতি নিরাপত্তা সংস্থার নিবিড় নজরদারিতে রয়েছে এবং এতে বড় কোনো ঝুঁকির আশঙ্কা নেই।
এসব ঘটনার পেছনে ইউক্রেনকে সহায়তা করায় রাশিয়া দায়ী বলে কিছু ইউরোপীয় কর্মকর্তা সন্দেহ করছেন। অন্যদিকে, প্যারিসের সুপারমার্কেটে সাইবার হামলার পর ইরানের দিকেও সন্দেহের আঙুল উঠেছে। যদিও রাশিয়া এবং ইরান উভয় দেশই এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো মন্তব্য করেন, এসব হুমকির মূল লক্ষ্য জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা। এটি কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্রের পরিকল্পিত কাজ হতে পারে অথবা দৃষ্টি আকর্ষণের চেষ্টায় থাকা বিকারগ্রস্ত কারো কাণ্ডও হতে পারে। স্কুল অধ্যক্ষদের সংগঠনের মতে, এই হুমকিগুলো ভুয়া নিশ্চিত হলেও এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাভাবিক মানসিক অবস্থা এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, সহজ হচ্ছে ভ্রমণ ও চিকিৎসা

