বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন ও যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে বড় ধরনের সংস্কার করেছে ভারত সরকার।
নতুন এই কাঠামোর আওতায় দেশটির ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে।
পাশাপাশি ভিসা আবেদন ফরমের তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের যাতায়াত সহজ করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। ২০২৫ সালের অক্টোবরে এই পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছিল এবং উন্নত দেশগুলোর মানদণ্ড পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ নতুন এই ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতালি ও ইউরোপের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি
নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’ চালু করা হয়েছে, যা ভি-১ ও ভি-২—এই দুই উপশ্রেণিতে বিভক্ত। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এটি মাল্টিপল এন্ট্রি বা একাধিকবার প্রবেশের সুযোগ দেয়। এতে পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচি এবং সঙ্গীত বা চারুকলা কোর্সের সুযোগ থাকবে। অন্যদিকে, ভি-২ ভিসা তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য প্রযোজ্য, যার মেয়াদ যোগ্যতা অনুযায়ী এক, পাঁচ বা দশ বছর হতে পারে। এতে পর্বতারোহণের সুবিধাও রাখা হয়েছে। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর।
চিকিৎসা ভিসার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসা এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। রোগী ও তাদের সঙ্গীদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার সংস্থান রাখা হয়েছে। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপে রোগীদের বারবার ভিসার আবেদন করার ঝামেলা কমবে। এসব ভিসার সাধারণ মেয়াদ হবে এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এস-১ ও এস-২ উপশ্রেণির ভিসা চালু করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত অন্তর্ভুক্ত থাকবে। আর এস-২ ভিসা পিএইচডি গবেষক, অতিথি শিক্ষক এবং বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য সংরক্ষিত। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে আসা শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মেয়াদে ই-এস১ ভিসা পেতে পারেন।
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ শ্রেণিতে সাজানো হয়েছে। বি-১ ভিসা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম ও প্রতিষ্ঠান গড়ার জন্য এবং বি-২ ভিসা স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন, খেলাধুলা ও চলচ্চিত্রের শুটিংয়ের জন্য প্রযোজ্য। এছাড়া বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের কারখানা স্থাপন, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের কাজে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ ধরনের পেশাজীবীরা বি-২ শ্রেণির আওতায় ভিসা পাবেন, যা আগে ই-বি৪ নামে পরিচিত ছিল। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।
বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা ভারতের ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা সুবিধা পেয়ে থাকেন। সংস্কারকৃত ব্যবস্থায় ৯টি প্রধান শ্রেণির মধ্যে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য, নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে চাওয়া ব্যক্তি এবং আফগান নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথম সন্তান হারানোর সেই শোক, সোনিয়ার আত্মকথায় উঠে এল অজানা কথা

