১০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পি.এম

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় নয়—জিএমপি কমিশনার

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় নয়—জিএমপি কমিশনার
শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ। 
 
মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
 
 
মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে জিএমপি কমিশনারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
পুলিশ কমিশনার বলেন, মাদক যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। তাই মাদকের বিরুদ্ধে জিএমপি আপসহীন থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 
তিনি আরও বলেন, গাজীপুরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নগরীর যানজট নিরসনেও সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করবে পুলিশ।
 
মতবিনিময় সভায় সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করেন জিএমপি কমিশনার আরও  বলেন, পুলিশের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে অবাধ তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা থাকতে হবে।
 
এ সময় মাদক কারবারি ও অপরাধী চক্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
 
জিএমপি কমিশনারের বক্তব্যে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও যানজট নিরসনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এসব পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।