১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পি.এম

অভিউল মারুফের ছবিতে সিলেটের প্রকৃতি বিশ্বমঞ্চে

অভিউল মারুফের ছবিতে সিলেটের প্রকৃতি বিশ্বমঞ্চে

একটি সাধারণ মুঠোফোন, একটি ট্রাইপড আর প্রকৃতিকে দেখার অসাধারণ দৃষ্টিভঙ্গি—এই সম্বল নিয়েই আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে পরিচিতি গড়ে তুলছেন বাংলাদেশের তরুণ আলোকচিত্রী অভিউল মারুফ।  সিলেটের প্রকৃতি, ফুল-পাতার সূক্ষ্ম গঠন, আলো-ছায়ার খেলা আর নিস্তব্ধতার সৌন্দর্যকে ক্যামেরার ফ্রেমে তুলে ধরে ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন শিল্প ও আলোকচিত্র সাময়িকীতে জায়গা করে নিয়েছেন তিনি। তার আলোচিত আলোকচিত্র সিরিজ ‘বোটানিক্যাল সাইলেন্স’ বা ‘উদ্ভিদজগতের নীরব সৌন্দর্য’ প্রকাশিত হয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াভিত্তিক বিভিন্ন সাময়িকী এবং আন্তর্জাতিক পরিবেশবিষয়ক প্ল্যাটফর্মে। সীমিত সরঞ্জাম ও সুযোগ-সুবিধার মধ্যেও সৃজনশীলতার শক্তিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার চেষ্টা করছেন এই তরুণ আলোকচিত্রী।

২০০৭ সালের ৩ ডিসেম্বর হবিগঞ্জে জন্ম নেওয়া অভিউল মারুফ শৈশব থেকেই বেড়ে উঠেছেন সিলেটে। সম্প্রতি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি প্রকৃতি ও আলোকচিত্রের প্রতি গভীর আগ্রহ তাকে নিয়ে গেছে এক ভিন্ন জগতে, যেখানে সাধারণ ফুল-পাতা কিংবা পরিচিত দৃশ্যও তার ক্যামেরায় হয়ে ওঠে নান্দনিক শিল্পকর্ম।

অভিউল মারুফের আন্তর্জাতিক পরিচিতির অন্যতম মাধ্যম তার আলোকচিত্র সিরিজ ‘বোটানিক্যাল সাইলেন্স’। তার দেওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজ স্থান পেয়েছে ফ্রান্সের আলোকচিত্রবিষয়ক সাময়িকী L'Œil de la Photographie, ইতালির শিল্প ও নকশাভিত্তিক Collateral Magazine, জার্মানির Spectaculum Magazine, পরিবেশবিষয়ক সংস্থা EarthOrg-এর ফিচার এবং অস্ট্রেলিয়ার Byron Magazine-এ।

অস্ট্রেলিয়ার Byron Magazine-এ ‘দ্য কোয়ায়েট পোয়েট্রি অব ফ্লাওয়ার্স’ শিরোনামে তার কাজ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া WallMag, Worthwhile, glaszart ও Bored Panda-র মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাঁর আলোকচিত্রের শৈলী, লং-এক্সপোজার কৌশল এবং কাজের পেছনের ভাবনা নিয়ে সাক্ষাৎকার ও পর্যালোচনা প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। 

আন্তর্জাতিক এসব প্রকাশনা তার কাজকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে।সপ্তম শ্রেণিতে শুরু আলোকচিত্রের পথচলা : আলোকচিত্রের প্রতি অভিউল মারুফের আগ্রহের শুরু ২০২২ সালে, যখন তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মামার সঙ্গে রাতে লং-এক্সপোজার পদ্ধতিতে ছবি তোলার অভিজ্ঞতা তাঁর মধ্যে নতুন এক কৌতূহলের জন্ম দেয়। রাতের অন্ধকার, আলোর রেখা, স্থিরতা ও সময়ের ভিন্নধর্মী ব্যবহার তাঁকে মুগ্ধ করে। সেই অভিজ্ঞতা থেকেই ধীরে ধীরে আলোকচিত্র হয়ে ওঠে তার সৃজনশীলতার প্রধান ক্ষেত্র।

শুরুর দিকে তার সরঞ্জাম ছিল অত্যন্ত সাধারণ। একটি রেডমি মুঠোফোন, ট্রাইপড এবং প্রমোড অ্যাপ ব্যবহার করে ম্যানুয়াল সেটিংসে ছবি তুলতেন তিনি। উন্নত ক্যামেরা বা ব্যয়বহুল সরঞ্জামের অভাব তার আগ্রহে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং সীমিত উপকরণ দিয়েই আলোর ব্যবহার, এক্সপোজার ও ফ্রেমের বিন্যাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছেন।

সিলেটের প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে শহরের রাতের দৃশ্য—বিভিন্ন বিষয়কে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন তিনি। তার ‘নকটার্ন’ ও ‘মিডনাইট ম্যাজিশিয়ান’-এর মতো কাজগুলোতেও রাতের দৃশ্য, আলো এবং পরিবেশের নিজস্ব বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা রয়েছে।  ২০২৬ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পরিবেশ সম্মেলনের আলোকচিত্র প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি।


‘বোটানিক্যাল সাইলেন্স’: প্রকৃতির নীরব সৌন্দর্য: ‘বোটানিক্যাল সাইলেন্স’ কথাটির বাংলা অর্থ ‘উদ্ভিদজগতের নীরব সৌন্দর্য’। এই সিরিজের মূল ভাবনা প্রকৃতির এমন কিছু সৌন্দর্যকে সামনে নিয়ে আসা, যা দৈনন্দিন ব্যস্ততায় মানুষের চোখ এড়িয়ে যায়। সাধারণভাবে ফুলের সৌন্দর্য বলতে আমরা তার রং ও আকৃতিকে বুঝি। কিন্তু অভিউল মারুফের দৃষ্টিতে ফুল ও পাতার সূক্ষ্ম টেক্সচার, আলোর প্রতিফলন, ছায়ার বিন্যাস এবং স্থিরতার মধ্যেও রয়েছে আলাদা ভাষা।

নিজের কাজের দর্শন ব্যাখ্যা করে অভিউল মারুফ বলেন, “ফটোগ্রাফিতে ‘বোটানিক্যাল’ বলতে উদ্ভিদ ও ফুলকে বোঝায়, আর ‘সাইলেন্স’ হলো প্রকৃতির সেই নীরব উপস্থিতি, যা দৈনন্দিন ব্যস্ততায় আমাদের চোখ এড়িয়ে যায়। সাধারণ সুন্দর দৃশ্যের বাইরে গিয়ে ফুল ও পাতার সূক্ষ্ম টেক্সচার, আলো-ছায়ার বৈপরীত্য এবং স্থিরতাকে একটি স্বতন্ত্র চরিত্র হিসেবে তুলে ধরাই ছিল আমার মূল লক্ষ্য।”তার এই বক্তব্যে স্পষ্ট হয়, আলোকচিত্রের মাধ্যমে কেবল একটি সুন্দর দৃশ্য ধারণ করাই তাঁর উদ্দেশ্য নয়; বরং প্রকৃতির পরিচিত উপাদানের মধ্যে লুকিয়ে থাকা সূক্ষ্ম সৌন্দর্যকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করাও তার কাজের অংশ।

প্রত্যাখ্যান পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির পথে: আন্তর্জাতিক প্রকাশনায় কাজ পৌঁছানোর পথটি তার জন্য সহজ ছিল না। শুরুতে বিভিন্ন সাময়িকীতে ছবি পাঠিয়েও সাড়া পাননি। তবে সেই অভিজ্ঞতা তাকে থামিয়ে দিতে পারেনি। নিজের কাজের মান উন্নয়নের চেষ্টা এবং নতুন নতুন প্রকাশনা প্রতিষ্ঠানে ছবি পাঠানোর ধারাবাহিকতায় একসময় ‘বোটানিক্যাল সাইলেন্স’ সিরিজ প্রকাশের সুযোগ তৈরি হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার কাজ নিয়ে আলোচনা ও মূল্যায়ন প্রকাশিত হতে থাকে বলে তিনি জানিয়েছেন।

নিজের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে অভিউল মারুফের অনুভূতি, বিদেশি কোনো নিবন্ধে নিজের নামের পাশে ‘বাংলাদেশি আলোকচিত্রী’ পরিচয়টি দেখতে পাওয়াই তাঁর কাছে সবচেয়ে বড় সার্থকতা। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের পরিচয় আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এই অনুভূতিই তাঁকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

সম্ভাবনার নতুন দিগন্ত বর্তমান সময়ে আলোকচিত্র শুধু স্মৃতি ধরে রাখার মাধ্যম নয়; এটি শিল্প, সংস্কৃতি, পরিবেশ ও মানুষের ভাবনা প্রকাশেরও একটি গুরুত্বপূর্ণ ভাষা। সেই ভাষাকে কাজে লাগিয়ে তরুণ বয়সেই আন্তর্জাতিক প্রকাশনায় নিজের কাজ তুলে ধরছেন অভিউল মারুফ। তার পথচলায় যেমন রয়েছে প্রযুক্তির ব্যবহার, তেমনি রয়েছে পর্যবেক্ষণ, ধৈর্য, পরীক্ষা-নিরীক্ষা এবং নিজস্ব নান্দনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রচেষ্টা।

সীমিত সরঞ্জাম দিয়ে শুরু করা এই তরুণ আলোকচিত্রীর গল্প মনে করিয়ে দেয়, সৃজনশীলতার বিকাশের জন্য সব সময় ব্যয়বহুল উপকরণই মুখ্য নয়; প্রয়োজন নিজের চারপাশকে নতুনভাবে দেখার ক্ষমতা, নিয়মিত চর্চা এবং কাজের প্রতি নিষ্ঠা।


সিলেটের প্রকৃতির নীরব সৌন্দর্য থেকে আন্তর্জাতিক শিল্প সাময়িকীর পাতা—অভিউল মারুফের এই যাত্রা এখনো বিকাশমান। তাঁর আলোকচিত্রের বিষয়, কৌশল ও সৃজনশীল ভাবনার আরও বিস্তৃত প্রকাশ ঘটবে—এমন প্রত্যাশা তার কাজের প্রতি আগ্রহীদের। তরুণ এই আলোকচিত্রীর পথচলা বাংলাদেশের নতুন প্রজন্মের সৃজনশীল সম্ভাবনার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে।